ময়মনসিংহে তথ্য কমপ্লেক্স ও বেতার কার্যালয় পরিদর্শনে সচিব মাহবুবা ফারজানা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ময়মনসিংহে “জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স” নির্মাণ প্রকল্পের স্থান এবং বাংলাদেশ বেতারের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেছেন।
রবিবার (২৫ মে) দুপুরে ময়মনসিংহে পৌঁছে সচিব প্রথমে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্র পরিদর্শনে যান। তিনি বার্তা, প্রকৌশল, অনুষ্ঠানসহ বেতারের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে বেতার মিলনায়তনে আয়োজিত জনপ্রিয় অনুষ্ঠান ‘শ্রোতা আনন্দমেলা’-তে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সচিব মাহবুবা ফারজানা। সেখানে তিনি বলেন, “বেতার আমাদের দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দেশের উন্নয়ন, সচেতনতা ও মূল্যবোধ গঠনে বেতারের ভূমিকা আরও সুসংহত করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. আল আমিন খান।
বেতার কেন্দ্র পরিদর্শনের পর সচিব ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্পের প্রস্তাবিত স্থান ঘুরে দেখেন। সেখানে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত জানতে চান তিনি।
সচিব বলেন, “তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প একটি সময়োপযোগী উদ্যোগ। এই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব না করে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।”
তিনি আরও নির্দেশনা দেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজের গতি নিশ্চিত করতে হবে।
তথ্য সচিবের এ সফরের মধ্য দিয়ে ময়মনসিংহে তথ্য অবকাঠামো উন্নয়নের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


















