ঐক্য ও কল্যাণের প্রত্যয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ ট্রাভেল এজেন্সি কল্যাণ পরিষদ
দেশের ট্রাভেল ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি কল্যাণ পরিষদ।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর মিরপুরস্থ রেবাতী এয়ার ট্রাভেলস কার্যালয়ে সংগঠনটির সাংগঠনিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টার ট্রাভেলস এভিয়েশন-এর স্বত্বাধিকারী মোতাসিম বিল্লাহ শাকিল। সঞ্চালনায় ছিলেন ট্রাভেল বাড়ি হলিডেস-এর স্বত্বাধিকারী আশরাফুল আজম শান্ত এবং পাসপোর্ট পাইওনিয়ার-এর স্বত্বাধিকারী মোঃ রিফাত হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইচ এম বিডি ওভারসিজ-এর স্বত্বাধিকারী মোঃ মামুন আল অভি। এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলামিন ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী মোঃ আল আমিন হোসেন।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তারা বলেন, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি কল্যাণ পরিষদ হবে একটি সৎ, ঐক্যবদ্ধ ও অরাজনৈতিক সংগঠন, যা দেশের ট্রাভেল ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি দক্ষ ও পেশাদার ট্রাভেল কমিউনিটি গড়ে তোলার জন্য কাজ করবে।
সভায় অংশগ্রহণকারী সকল সদস্য সংগঠনটিকে শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।















