নরসিংদী মনোহরদী থেকে ঢাকাগামী সম্রাট বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মনোহরদী উপজেলা থেকে ঢাকার মহাখালী রুটে চলাচলকারী সম্রাট পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। পাশাপাশি বাসটির ফিটনেস ও চালকের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা।
শনিবার (৮ আগস্ট) ঢাকাগামী এয়ারপোর্টের টিকিট নিতে গিয়ে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন জনগণের খবর ডটকমের সহকারী সম্পাদক। অভিযোগ অনুযায়ী, তিনি এয়ারপোর্টের টিকিট চাইলে কাউন্টার থেকে তাকে মহাখালীর টিকিট দেওয়া হয়।
এ বিষয়ে কাউন্টার কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে জানানো হয়, এয়ারপোর্ট অথবা উত্তরা এলাকায় নামলেও মহাখালীর ভাড়া অনুযায়ী টিকিট ক্রয় করতে হবে।
যাত্রীদের অভিযোগ, নির্ধারিত গন্তব্য অনুযায়ী ভাড়া না নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে প্রতিনিয়ত সাধারণ যাত্রীদের আর্থিক ক্ষতির পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়া বাসটির চালকের দক্ষতা এবং গাড়ির ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহনের ফিটনেস এবং চালকের দক্ষতার বিষয়গুলো খতিয়ে দেখে যাত্রী হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।














