ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী
ময়মনসিংহ প্রতিনিধি
উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাই শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারলে দেশও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।
তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো বিজ্ঞান ও প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করেই বর্তমান অবস্থানে পৌঁছেছে। উদাহরণ হিসেবে চীনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ব্যাপক বিস্তারের কারণেই দেশটি দ্রুত উন্নয়ন করেছে। বাংলাদেশকেও এগিয়ে নিতে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই।
এ সময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, বিজ্ঞান ক্লাব ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম যেন শুধু মেলার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। সারা বছর নিয়মিত বিজ্ঞান চর্চার পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীরা যত বেশি হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা গ্রহণ করবে, তত বেশি নতুন আবিষ্কার ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, বিজ্ঞান শিক্ষায় নানা সীমাবদ্ধতা থাকলেও কোনো সমস্যাই স্থায়ী নয়। শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করলে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করলে এসব বাধা অতিক্রম করা সম্ভব। বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটিয়ে একটি উদ্ভাবননির্ভর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. মুহাম্মদ মফিজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ের বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকদের মধ্য থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।















