আর্জেন্টিনার জয়রথ থামিয়ে ১৬ বছর পর স্পেনের শিরোপা জয়
হলো না আর্জেন্টিনার ইতিহাস, লেখা হলো না মেসির আরেকটি মহাকাব্য। কিন্তু ১৬ বছর পর আবারও রচিত হলো স্প্যানিশ রূপকথা। ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের শিরোপা গেল স্পেনে। নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টাইন গর্জন থামিয়ে শিরোপা উৎসবে মাতলো লা রোজারা।
স্থানীয় সময় রবিবার (১৯ জুলাই) হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের জার্সিতে দ্বিতীয় স্টারের উপলক্ষ্য তৈরি করে স্পেন। নির্ধার্তি সময়ে ম্যাচ গোলশূন্য থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানে ১০৬ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।
এর আগে ২০১০ বিশ্বকাপের ফাইনালেও ১-০ গোলে জিতেছিলো স্পেন। সেবার আন্দ্রেস ইনিয়েস্তার গোলে ভেঙেছিলো নেদারল্যান্ডসের স্বপ্ন। এবার সেই স্পেন কেড়ে নিলো আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক শিরোপা জেতার মাইলফলক।
পুরো টুর্নামেন্টে দাপুটে ফুটবল খেলা আর্জেন্টিনা ফাইনালে একেবারে নিষ্প্রভ। মাঠে একাধিক তারকা মেজাজ হারিয়েছেন। খেলেছেন ছন্নছাড়া ফুটবল। এমনকি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন এনজো ফার্দান্দেজ। হলুদ কার্ড দেখেছেন সাইড লাইনে থাকা কোচ স্কালোনিও।
তবে একাধিক গোলের সুযোগ ঠেকিয়ে দিয়েছেন বাজপাখির ভূমিকায় থাকা এমি মার্টিনেজ। রদ্রি, পেদ্রো, ইয়ামাল, উইলিয়ামস, ওয়ারজাবালদের মুহূর্মুহু শট ঠেকিয়ে দিয়েছেন দিবু। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়।
নিউ জার্সি স্টেডিয়ামে বলের দখলই নিতে পারেনি মেসিরা। মাত্র ৩২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল। যেখানে স্পেন ২০ বার গোলমুখে শট নিয়েছে, সেখানে মাত্র দুটি শট নিতে পেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে টার্গেটে একটি শটও ছিল না।









