শুক্রবারের মধ্যেই মার্কিন-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প: ভ্যান্স
ইরানের সাথে যুদ্ধ বন্ধের লক্ষ্যে হওয়া প্রাথমিক চুক্তি শুক্রবারের আগেই জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যকার চুক্তি স্বাক্ষরের ঘোষণার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেড় পৃষ্ঠার প্রাথমিক চুক্তিটি একটি অনন্য দলিল।
মঙ্গলবার (১৬ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারাও চুক্তির কিছু বিস্তারিত তথ্য দিতে শুরু করেছেন। আগামী শুক্রবার হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। একই দিনে জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হবে।
ফ্রান্সে জি-৭ সম্মেলনের এ তথ্য সামনে এসেছে। এ সম্মেলনে ইরান ইস্যুতে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে মিশর, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
সোমবার ফ্যান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে আলাপকালে ট্রাম্প প্রাথমিক চুক্তির কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি যে চুক্তিটি সই হয়েছে। এটি সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প, ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রযুক্তিগত আলোচনা এই সপ্তাহেই শুরু হবে। তবে ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার বা জব্দকৃত অর্থ ফেরত দেওয়ার বিষয়টি প্রতিশ্রুতি পূরণ করার ওপর নির্ভর করছে।
ভ্যান্স মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, সমঝোতা স্মারকটি একটি অনন্য দলিল। এর অনেক খুঁটিনাটি বিষয় ভবিষ্যৎ আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। বেশ কিছু ইস্যুতে আমাদের প্রযুক্তিগত পর্যালোচনা করতে হবে। সমঝোতা স্মারকটি একটি কাঠামো তৈরি করেছে। এর মাধ্যমে ইরান প্রতিশ্রুতি পূরণ করলে চুক্তির সুবিধাগুলো পাবে।
ভ্যান্স আরও জানান, চুক্তির ‘প্রথম অনুচ্ছেদে’ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরান প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ‘সন্ত্রাসী সংগঠনগুলোকে’ অর্থায়ন বন্ধ করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।









