হাম ও উপসর্গে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু
সারাদেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ জন শিশু মারা গেছে। এছাড়া রোগটি নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৩৭ জন শিশু।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে আক্রান্ত অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৯ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে রয়েছে ৩ জন করে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দু’জন করে মারা গেছে।
একইসময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৬৪ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৭৩ জনের।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৪ জন সন্দেহজনক হাম রোগী ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে। তারপর চট্টগ্রামে ২৩০ ও বরিশালে ১৪৭ জন শনাক্ত হয়েছে। আর নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রেও সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৫৪ জন।














