নাইস প্ল্যাটফর্মে সরকারি ইন্টার্নশিপ জোরদারে এটুআই’র পরামর্শমূলক কর্মশালা
রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই কার্যালয়ে “ন্যাশনাল ইন্টেলিজেন্স ফর স্কিলস, এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ (নাইস)” প্ল্যাটফর্মভিত্তিক একটি পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টার্শিয়ারি-লেভেলের শিক্ষার্থীদের সরকারি ইন্টার্নশিপ কার্যক্রমে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে এটুআই (a2i Programme) এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বক্তারা জানান, ইন্টার্নশিপ শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে তারা পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানযোগ্যতা অর্জন এবং বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ পায়। তবে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করলেও সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ সীমিত হওয়ায় অনেকেই বাস্তব অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছে, যা শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে একটি স্পষ্ট ব্যবধান তৈরি করছে।
এই প্রেক্ষাপটে সরকার প্রণীত ‘ইন্টার্নশিপ নীতিমালা ২০২৩’-এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, নীতিমালার সফল বাস্তবায়নের জন্য সমন্বিত উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং একটি দক্ষ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা জরুরি।
কর্মশালায় এটুআইয়ের অধীনে গড়ে ওঠা নাইস প্ল্যাটফর্মকে একটি সম্ভাবনাময় ডিজিটাল সমাধান হিসেবে তুলে ধরা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা সম্ভব হবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা, মনিটরিং ও মূল্যায়নের সুযোগ সৃষ্টি হবে।
কর্মশালায় সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারণী সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁরা সরকারি ইন্টার্নশিপের চাহিদা নির্ধারণ, সার্কুলেশন ও মনোনয়ন প্রক্রিয়া, আবেদন ও নির্বাচন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টেশন, তদারকি ও মূল্যায়ন ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা, সনদ প্রদান প্রক্রিয়া এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই’র প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আব্দুর রফিক। সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেন এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবির। শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে চ্যালেঞ্জ তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন সেন্টারের ডিন ড. এ.এইচ.এম. রুহুল কুদ্দুস।
স্বাগত বক্তব্য দেন এটুআইয়ের কনসালট্যান্ট (হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট) আব্দুল্লাহ আল ফাহিম। কর্মশালার প্রেক্ষাপট এবং নাইস প্ল্যাটফর্ম সম্পর্কে উপস্থাপনা দেন এটুআইয়ের কনসালট্যান্ট ও টিম লিডার (ফিউচার অব ওয়ার্ক) সালাহউদ্দিন মোহাম্মদ উজ্জ্বল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান (প্রশাসন), মোঃ মজিবর রহমান (ডিজিটাল গভর্নেন্স ও সিকিউরিটি), এ.টি.এম. জিয়াউল ইসলাম (নিয়ন্ত্রক, সিসিএ কার্যালয়), মোঃ আশরাফুল মমিন খান (পরিকল্পনা), এটুআইয়ের সিনিয়র কনসালট্যান্ট (চিফ টেকনিক্যাল অ্যাডভাইজর) মোহাম্মদ মাসুদুর রহমান এবং ইউএনডিপি’র ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমিয়েরসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞবৃন্দ।
















