ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরিচালক (স্বাস্থ্য) বিভাগের সার্বিক সহযোগিতায় সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সচেতনতামূলক র্যালি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা বাড়ি ঘর, অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার রাখুন, ডেঙ্গু মশা নিধন করুন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, সুস্থ থাকুন সহ বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন।
শনিবার (৬ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন। এ সময় পরিচালক( স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা,সহকারী পরিচালক ডাঃ মোঃ জাকিউল ইসলাম,ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। নিজেদের বাড়ি-ঘর, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিচালক( স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা
বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অপরিহার্য। সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পারি। সবাইকে নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দিতে হবে।









