জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ
ভারতের আদানি পাওয়ার প্ল্যান্টের প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সোমবার সন্ধ্যা থেকে পেতে শুরু করেছে দেশ। বর্তমানে আদানি প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটটি ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।
সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় (সিঙ্ক্রানাইজশেন) শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির এ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা এক হাজার ৬০০ মেগাওয়াট। এখানে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। ২০১৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার চুক্তি করে।
বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরও বাড়বে। এই অতিরিক্ত বিদ্যুৎ সার্বিক উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করছে এবং দেশব্যাপী লোডশেডিং কমাতে ভূমিকা রাখছে।














