জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম অধ্যায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
তার আগে সকাল ৬টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা শেষে সেখান থেকে ঢাকা ফেরার সময় সকাল ৭টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর সকাল ৯টা ৪৫ মিনিট জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হওয়া ‘কুচকাওয়াজ অনুষ্ঠানে’রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।














