যুক্তরাষ্ট্রে মালবাহী ট্রেনের ভেতরে মিলল ৬ জনের মরদেহ
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মালবাহী ট্রেনের বক্সকারের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ল্যারেডো পুলিশ বিভাগের জনসংযোগ কর্মকর্তা হোসে এস্পিনোজা জানান, রোববার (১০ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার কিছু পরে সান আন্তোনিও থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণে অবস্থিত ল্যারেডোর একটি রেল ইয়ার্ডে ইউনিয়ন প্যাসিফিক ট্রেনের ভেতর মরদেহগুলো পাওয়া যায়।
সিএনএনের সহযোগী প্রতিষ্ঠান কেজিএনএসকে ল্যারেডো পুলিশের মুখপাত্র জো বায়েজা বলেন, তাদের মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে এখনও জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তজুড়ে কার্যক্রম পরিচালনা করে ইউনিয়ন প্যাসিফিক। কোম্পানিটির ওয়েবসাইট অনুযায়ী, এটি মেক্সিকোতে প্রবেশের সব রেলপথ সংযোগে সেবা দেয়া একমাত্র রেল কোম্পানি।
ইউনিয়ন প্যাসিফিক এক বিবৃতিতে জানায়, ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত এবং তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
কেজিএনএসের প্রতিবেদনে বলা হয়, বিকেল ৩টার দিকে ইউনিয়ন প্যাসিফিক রেল ইয়ার্ডের এক কর্মচারীর কাছ থেকে পুলিশ ফোন পায়। নিয়মিত রেলকার পরিদর্শনের সময় মরদেহগুলো উদ্ধার করা হয়।
ল্যারেডো টেক্সাসে মেক্সিকোর সঙ্গে বাণিজ্যের অন্যতম বৃহৎ কেন্দ্র। টেক্সাস কম্পট্রোলার অব পাবলিক অ্যাকাউন্টসের ২০২৪ সালের তথ্য অনুযায়ী, রাজ্যের স্থলবন্দরভিত্তিক বাণিজ্যের প্রায় ৬২ শতাংশ, অর্থাৎ ৩৪০ বিলিয়ন ডলারের বাণিজ্য এই শহরের মাধ্যমে সম্পন্ন হয়। সূত্র: সিএনএন














