জোহানেসবার্গে ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২
দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে ভয়াবহ গণগুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
পুলিশের তথ্যমতে, মঙ্গলবার গভীর রাতে জোহানেসবার্গের ক্লিভল্যান্ড এলাকার একটি বস্তিতে এ হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
এক বিবৃতিতে পুলিশ জানায়, একটি সাদা টয়োটা কোয়ান্টাম মাইক্রোবাসে করে ১০ জনের বেশি সন্দেহভাজন ব্যক্তি একটি পেট্রল স্টেশনের কাছে আসে। পরে তারা বস্তির দুটি প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে বিভিন্ন স্থানে বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
হামলা শেষে তারা একই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ আরও জানায়, স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটের দিকে চলমান গোলাগুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের চিকিৎসার জন্য জরুরি চিকিৎসাসেবা দলও পাঠানো হয়।
নিহতদের মধ্যে ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারী মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন পুরুষের মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ অন্তত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।









