২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা

বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ জুলাই শনিবার পবিত্র মহররম মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২৭ জুলাই রোববার থেকে সফর মাস গণনা শুরু হবে। সেই হিসেবে, ২৭ সফর মোতাবেক আগামী ২০ আগস্ট বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় জানানো হয়, দেশের কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি—এ তথ্য ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্র ও মাঠ পর্যায়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় কমিটি।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জল হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. নূরুল করিম, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ ফারুক, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ ওবায়দুল হক, জমিয়াতুল উলুমিল ইসলামিয়ার সহকারী অধ্যক্ষ আব্দুল গাফফার, দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।









