মানিব্যাগে যেসব জিনিস রাখবেন না

সাধারণত মানিব্যাগ ব্যবহার করা হয় টাকা রাখার জন্য। তবে বর্তমান সময়ে খেয়াল করলে দেখা যায়, অনেকেই মানিব্যাগে টাকা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রশিদ, কার্ড বা কাগজপত্র রাখেন। পরে এসব জিনিস হারিয়ে গেলে পড়তে হয় নানা ঝামেলায়। প্রয়োজনীয় কাগজপত্র জমা রাখতে গিয়ে একপর্যায়ে দেখা যায় যে তা বহনকরা অনেক ঝামেলা হয়ে পড়ে। তাই মানিব্যাগে টাকা ছাড়া অন্যান্য গুরুত্বপূণৃ জিনিস রাখা থেকে বিরত থাকাই উত্তম।
মানিব্যাগে যেসব জিনিস রাখবেন না:
জাতীয় পরিচয়পত্র
বর্তমানে জাতীয় পরিচয়পত্রের বদলি সরকার স্মার্ট কার্ড প্রদান করছে। এই কার্ডে ব্যক্তিগত তথ্যসহ চোখের স্ক্যান ও আঙুলের ছাঁপের তথ্যও থাকে। তাই এটি হারানো গেলে যে কেউ এই তথ্য ব্যবহার করে নানান সুযোগ নিতে পারে। তাই মানিব্যাগে না নিয়ে প্রয়োজনে এর সফট কপি ড্রাইভে রেখে ব্যবহার করা যায়।
পাসপোর্ট
এটাও এক ধরনের পরিচয়পত্র। দেশের বাইরে ভ্রমণে না থাকলে সবসময় পাসপোর্ট বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। এটি হারিয়ে গেলে পরবর্তী সময়ে অনেক ঝামেলা পোহাতে হয়।
ডেবিট কার্ড
বর্তমানে অনেকেরই একাধিক ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে। ব্যবহারের সুবিধার্থে অনেকেই এই কার্ডগুলো আলাদা কার্ডহোল্ডারে না রেখে মানিব্যাগেই রাখেন। এ অবস্থায় মানিব্যাগ হারিয়ে গেলে পড়তে হয় মহা মুশকিলে। তাই মানিব্যাগে কার্ড রাখার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখা জরুরি।
রসিদ
মানিব্যাগে অনেকে রসিদ সংরক্ষণ করে থাকেন। মানিব্যাগ হারালে রসিদও যাবে। তখন তো মহাবিপদ। তাই মানিব্যাগে সব সময় রসিদ রাখা উচিত নয়; বরং তা বাসায় রাখাই ভালো। কাজের সময় রসিদটি সঙ্গে নিতে হবে।
চাবি
মানিব্যাগে বাসার অতিরিক্ত চাবি নিয়ে ঘোরা মানে, আক্ষরিক অর্থেই চোরকে ঘরে আমন্ত্রণ জানানো। তার শুধু দরকার হবে বাসার ঠিকানা জানা। আর সেটা সে পেয়েও যাবে মানিব্যাগে যদি কোনো পরিচয়পত্র থাকে।
পাসওয়ার্ড
মোবাইল ফোনের এই যুগে অনেকেই গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড মনে রাখতে পারেন না। সেগুলো নোট আকারে লিখে অনেকেই তা মানিব্যাগে রাখেন। এ অবস্থায় যদি মানিব্যাগ হারিয়ে যায়, তাহলে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ও তথ্য হাতছাড়া হওয়ার সম্ভবনা থাকে।








