গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযানে ৪৬১ পিস ইয়াবাসহ আটক ৩

গাইবান্ধা শহরের ডিবি রোড এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৪৬১ পিস ইয়াবা ট্যাবলেটসকহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে শহরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—গাইবান্ধা শহরের শাপলাপাড়া এলাকার খায়রুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন, সাদুল্যাপুর উপজেলার বড় গোপালপুর গ্রামের রফিকুল প্রধানের ছেলে রতন প্রধান এবং পলাশবাড়ী উপজেলার ডোলভাঙ্গার গোয়ালপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সুমন মিয়া।
যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ডিবি রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে মাদক বিক্রির সময় ৪৬১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানের সময় জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাসায় অবৈধভাবে মাদক বেচাকেনা চলছিল। আটককৃতদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।








