

বাংলাদেশের আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ ইতিহাসে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। প্রথমবারের মতো চালু হওয়া ডাকযোগে ভোট (পোস্টাল ব্যালট) প্রক্রিয়ায় মালয়েশিয়া থেকে নিবন্ধন করেছেন ৮৪ হাজার ২৯২ জন প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার ৩৪৬ জন এবং নারী ভোটার ৯৪৬ জন।
বৈশ্বিকভাবে প্রবাসী ভোটারদের তালিকায় সৌদি আরব শীর্ষে রয়েছে। এই দেশে থেকে এবার ভোট দেবেন ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন বাংলাদেশি। এছাড়া কাতার থেকে ৭৬ হাজার ১৩৯ জন, ওমান থেকে ৫৬ হাজার ২০৭ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩৮ হাজার ৫৭৪ জন প্রবাসী ভোটার অংশ নিচ্ছেন। কুয়েত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, বাহরাইন, সিঙ্গাপুর, কানাডা, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও মালদ্বীপসহ আরও বহু দেশ থেকেও প্রবাসীরা ভোট দিচ্ছেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটাররা ২২ জানুয়ারি থেকে ব্যালট চিহ্নিতকরণের কাজ শুরু করতে পারবেন। এই প্রক্রিয়াটি ২৬ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। ভোটারদের বিশেষ প্রি-পেইড খামে ব্যালট পূর্ণ করে ডাকযোগে ফেরত পাঠাতে হবে।
এই বিশাল প্রক্রিয়াটি নির্বিঘ্ন সম্পন্ন করতে বাংলাদেশ পোস্ট অফিস এবং মালয়েশিয়ার রাষ্ট্রীয় ডাকসেবা প্রতিষ্ঠান পোস্ট লাজু যৌথভাবে সমন্বয় করছে।
রিপোর্টারের নাম 


