
বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে ৬ দফা দাবিতে তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন কার্যালয়ের সামনের প্রধান সড়কের দুইপাশে এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, জন্মের পর মানব শিশুদের দশটি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য টিকা প্রদানের কাজ স্বাস্থ্য সহকারীরাই তৃণমূল পর্যায়ে করে থাকেন। এ কাজ পুরোপুরি টেকনিক্যাল হলেও তারা এখনও টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট বিভাগ তা বাস্তবায়ন না করায় আমরা বেতন বৈষম্যের শিকার হচ্ছি।
স্বাস্থ্য সহকারীরা বলেন, “স্বাস্থ্য খাতে আমাদের মাধ্যমে দেশের সব আন্তর্জাতিক সাফল্য অর্জিত হলেও বিগত সরকারগুলো শুধু আশার বাণী শোনালেও এখনও আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতায় স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড এবং ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে বেতন স্কেল নিশ্চিত করতে হবে।”
৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ।পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা। পূর্বের নিয়োগবিধি অনুসারে নিযুক্ত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস হিসেবে আত্মীকরণ। বেতন স্কেলে উন্নীতকরণের আগে প্রাপ্ত টাইম স্কেল/উচ্চতর গ্রেড সমন্বয় করে পুনঃনির্ধারিত বেতন নির্ধারণ। পূর্বে ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি কোর্স) সম্পূর্ণ করা কর্মীদের সরাসরি ১১তম গ্রেডে উন্নীতকরণ। স্বাস্থ্য সহকারীরা অভিযোগ করেন, এ কর্মসূচি পালনের আগে তারা কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে দাবিসহ কর্মসূচির বিষয়টি অবগত করেছেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন- বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক এ. কে. এম শফিউল আজম, জেলার সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাকিল, কেন্দ্রীয় সমন্বয়ক নাসির উদ্দিন ভূঁইয়া, হেলাল উদ্দিন, আপেল মাহমুদ প্রমুখ।
এছাড়া ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন।
ময়মনসিংহ ব্যুরো 




