সাইকেলে চেপে ঈদে ফেরার গল্প: সেনাবাহিনীর এক মমতাময় মুহূর্ত

রাজু নামের এক নির্লোভ মানুষ, পকেটে সামান্য কিছু টাকা, হৃদয়ে অগাধ ভালোবাসা পরিবারের জন্য, সন্তানদের জন্য। ঢাকায় শ্রম করে জীবিকা চালান। সামনে ঈদ। পরিবারের মুখে হাসি ফোটাতে ছুটছেন বাড়ির পথে তাও আবার সাইকেল চেপে! গন্তব্য গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট গ্রাম।
রাত গভীর। বগুড়া শহর তখন ঘুমের আগল খুলে নিশ্চুপ। সেসময় টহলরত সেনাবাহিনীর একটি দল নজরে আনেন রাজুকে। প্রশ্ন করেন “এই গভীর রাতে সাইকেলে করে কোথায় যাচ্ছেন?” রাজুর জবাব “ঢাকা থেকে গাইবান্ধায় যাচ্ছি, ঈদ করতে।”
একজন সেনা কর্মকর্তা বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন, “সাইকেলে করে কেন যাচ্ছেন এত দূর?”
রাজুর গলার স্বর কাঁপে, চোখে জল জমে ওঠে
“স্যার, গাইবান্ধার টিকিট ২০০০ টাকা। যদি এই টাকায় টিকিট কাটি, তাহলে ছেলে-মেয়েকে নিয়ে ঈদ করব কিভাবে? সাইকেলই আমার ভরসা।”
এক মুহূর্তেই চারপাশ স্তব্ধ। রাজুর কথায় যেন আকাশ ভেদ করে উঠে আসে এক নিঃশব্দ আর্তনাদ। মানবতার চূড়ান্ত প্রকাশ ঘটে এরপর। সেনাবাহিনীর সদস্যরা রাজুর পাশে দাঁড়ান, তাঁর জন্য কিছু ঈদ উপহার কিনে দেন। কেউ হাতে রাখেন তাঁর কাঁধে, কেউ জড়িয়ে ধরেন সেই পরিশ্রান্ত, অথচ সাহসী মানুষটিকে।
তারপর একটি ট্রাক থামানো হয়। রাজুকে উঠিয়ে দেওয়া হয়।










